
অতীতেও নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে দলীয় প্রতীক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূলত মেম্বার পদপ্রার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। দেশে অতীতেও এ ধরনের নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একসময়ে সৌদি আরবে শুধু শ্রমিক পাঠানোর বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হতো। এখন সে পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়েছে। সেখানে ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এখন তাঁরা আকামা পরিবর্তনের (নিয়োগকর্তা ও শহর পরিবর্তন) সুযোগ পান। আগে এটা সম্ভব হতো না। এ ছাড়া এবার নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে সৌদি আরব সরকার নারী শ্রমিকদের সঙ্গে স্বামী বা বাবাকে নিতে অনুমতি দিয়েছে। আর বাংলাদেশেও এখন কর্মী প্রয়োজন। তাই শ্রমিক পাঠানোর চেয়ে দেশে সৌদি বিনিয়োগের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। সৌদি আরব সফরের সময়ে সৌদি বাদশাহ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদির আল বাউনি গ্রুপের একটি প্রতিনিধিদল ঈদুল আজহার পর বিনিয়োগের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে আসবে।
সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবাদী সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী যেকোনো উদ্যোগে বাংলাদেশ সহযোগিতা করবে। এই জোটে এখন পর্যন্ত ৪০টি দেশ অংশ নিয়েছে।